সোনারগাঁয়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ
কামরুল ইসলাম পাপ্পু, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সোনারগাঁ সরকারি কলেজ প্রথম স্থান, মোগরাপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এছাড়া ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শাহ আলী রফিকুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ! ‘আমরাই সেরা’—চতুর্থবারের মতো জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ‘শ্রেষ্ঠ কলেজ’ হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছি।
২০১০ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ছয়টি উপজেলার শিক্ষার্থীরা লেখাপড়া করছে। প্রতিষ্ঠানের দুই প্রতিষ্ঠাতা হলেন শাহ আলী ও রফিকুল ইসলাম। অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিকতা এবং আস্থার কারণেই প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে পৌঁছেছে।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও ফলাফল দিন দিন উন্নত হচ্ছে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই। এ অর্জন মূলত তাদেরই।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
This theme has been developed by OURISLABD.
