সোনারগাঁও মহাসড়কে আ. লীগ কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ
![]() |
| ছবি: সংগৃহীত |
আওয়ামী লীগের শাসন আমলে একটি গ্রুপ মহাসড়কের জমি ভাড়া দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগের সেই গ্রুপ পালিয়ে যাওয়ার পর বর্তমানে বিএনপির একটি গ্রুপ একই পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছেন। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজির পরিবর্তন হয়নি। প্রশাসন এ চাঁদাবাজির সুযোগ করে দিচ্ছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী সমাধান না করে উচ্ছেদ করায় ব্যবসায়ীরা তাদের সংসার চালাতে টাকার বিনিময়ে মহাসড়কের ফুটপাতে দোকান অবৈধভাবে গড়ে তুলছেন। অভিযোগ রয়েছে, প্রভাবশালীরা দীর্ঘদিন যাবত অবৈধ স্থাপনা তৈরি করে মাসে কোটি টাকা চাঁদাবাজি করেন। আর স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে সড়ক ও জনপদ অধিদপ্তর, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী গোপন আঁতাতে মাসোয়ারা পেয়ে থাকেন। অভিযোগে আরও জানা যায়, উপজেলা প্রশাসন একদিকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিয়ে যান। অপরদিকে প্রভাবশালীরা আগের চেয়ে বেশি দামে দোকান দিতে উঠে-পড়ে নামেন। জায়গার অগ্রিম বাবদ ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা আর দৈনিক ১শ টাকা থেকে ১৫ শ’ টাকা ভাড়া বাবদ আদায় করেন। ভাঙা গড়ার খেলায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হন স্থানীয় প্রভাবাশালীরা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, ‘মোগরাপাড়া এলাকায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, ‘মোগরাপাড়া চৌরাস্তায় আগেও উচ্ছেদ অভিযান করা হয়েছে। তিন মাসের ব্যবধানে দখল হয়ে গেছে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয় অভিযোগ রয়েছে। প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে দোকান বরাদ্ধের চেষ্টা করা হবে।’
This theme has been developed by OURISLABD.
