শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বাড়ছে অটোরিকশা চুরিও

প্রকাশঃ

  


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাবরুকপুর গ্রামে প্রবাসী মো. জহিরুল ইসলাম লিটনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন র‍্যাংকস গ্রুপের দক্ষিণ গেটের পাশে এ ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রণি আক্তার বাদী হয়ে সোমবার সোনারগাঁ থানায় এবং নারায়ণগঞ্জ জেলা  পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) ইমরান আহম্মেদের নির্দেশে সোনারগাঁ থানার ইন্সপেক্টর সামিরুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মুখে মাস্ক পরা পাঁচ থেকে ছয়জন ডাকাত ধারালো দেশীয় অস্ত্রসহ বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে আলমারিতে থাকা নগদ ২০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার এবং কয়েকটি স্মার্টফোন লুট করে নেয় তারা। চিৎকার করলে হত্যার হুমকি দিয়ে কিল-ঘুষি ও থাপ্পড় মারার পাশাপাশি ছুরি, চাপাতি ও রামদা দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

এদিকে, সাম্প্রতিক সময়ে সোনারগাঁয়ের মোগড়াপাড়া, সোনাখালী, ভাগলপুর ও মাধবপুর এলাকায় অটোরিকশা চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয় সূত্র জানায়, গত ১৪ ডিসেম্বর মোগড়াপাড়া ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাদশা মিয়ার গ্যারেজ থেকে তিনটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় গ্যারেজ মালিকের ছেলে নুরুল হক সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত চুরি যাওয়া অটোরিকশার কোনো সন্ধান মেলেনি।

এ ছাড়া কয়েক মাস আগে ভাগলপুর গ্রামের বাহাউদ্দিনের গ্যারেজ থেকেও একই কায়দায় পাঁচটি অটোরিকশা চুরি হয়। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে আশপাশের বিভিন্ন গ্যারেজে রাতের আঁধারে অটোরিকশা চুরি করছে। চুরির পর এসব অটোরিকশা বিভিন্ন এলাকায় বিক্রি বা ভিন্ন নম্বর প্লেট ব্যবহার করে চালানো হচ্ছে বলে ধারণা এলাকাবাসীর।

স্থানীয়রা আরও জানান, চুরি ও ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে, যা জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল)  ইমরান আহম্মেদ দ্রুত জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। সোনারগাঁ থানার ইন্সপেক্টর সামিরুল বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন