শিরোনাম ::
শিরোনাম ::

লাঙ্গলবন্দের ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ যান চলাচল

প্রকাশঃ
ঝুঁকি নিয়েই চলছে সেতু পারাপার, বাড়ছে দুর্ভোগ

দেশের অর্থনীতি, বাণিজ্য ও যোগাযোগব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ রুট ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন এই সড়কে প্রায় ২০ হাজার যানবাহন চলাচল করে। বাণিজ্য, আমদানি–রপ্তানি এবং যাত্রী পরিবহনের প্রধান পথ হওয়ায় মহাসড়কটি জাতীয় অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। রাজধানীর সঙ্গে চট্টগ্রাম বন্দর এবং দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ রক্ষায় এ সড়ককে ধরা হয় ‘লাইফলাইন’ হিসেবে।

কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ব্রহ্মপুত্র নদের ওপর ১৯৭৮ সালে নির্মিত লাঙ্গলবন্দ সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চার লেনের মহাসড়কের সঙ্গে সামঞ্জস্য না থাকায় সরু এই সেতুটি এখন যান চলাচলের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রতিদিনই দুই প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে, সময়মতো গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, সেতুর ওপরের পিচ অনেক জায়গায় উঠে গেছে। বৃষ্টি হলেই ক্ষতিগ্রস্ত অংশ আরও স্পষ্ট হয়ে ওঠে। কোথাও কোথাও গর্ত সৃষ্টি হয়েছে। ভারী যানবাহনের চাপ সামাল দিতে সেতুটি নাজুক অবস্থায় রয়েছে। সড়ক সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝেমধ্যে জরুরি সংস্কার করলেও তা সাময়িক সমাধান বলে মনে করছেন ব্যবহারকারীরা।

ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলকারী একজন বাস চালক বলেন, সেতুর কাছে এলেই গাড়ির গতি কমাতে হয়। ধীরগতির কারণে প্রতিদিন যানজটে আটকে থাকতে হয়। যাত্রীদের চাপও বাড়ে। এটি শুধু সময়ের ক্ষতি নয়, ঝুঁকিও তৈরি করছে।

আরেক পণ্যবাহী ট্রাকচালক জানান, ভারী গাড়ি নিয়ে সেতু পার হওয়া এখন দুশ্চিন্তার বিষয়। গর্ত ও সংকীর্ণ প্রস্থের কারণে গাড়ি নড়বড়ে লাগে। দ্রুত একটি প্রশস্ত ও স্থায়ী সেতু প্রয়োজন।

সেতু এলাকার এক পথচারী বলেন, প্রতিদিন অসংখ্য গাড়ি এই সেতু দিয়ে যায়। যানবাহনের চাপ দেখে ভয় লাগে। বিকল্প ব্যবস্থা না থাকায় সবাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, মহাসড়ক সচল রাখতে লাঙ্গলবন্দ সেতুর নিয়মিত সংস্কার কার্যক্রম চলছে। শিগগিরই সেতুটি পুনরায় মেরামত করা হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের অংশ হিসেবে সেতুর পাশে নতুন একটি সেতু নির্মাণের নকশা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন