সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, জব্দ ২০ লাখ টাকার বই ও সরঞ্জাম
প্রকাশঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গাইড বই ছাপানোর অভিযোগে একটি ছাপাখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় প্রায় চার হাজার কপি বই ও ছাপার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে কাচপুর বেহাকৈর এলাকায় একটি ভবনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদন ছাড়া বিভিন্ন শ্রেণির গাইড বই ছাপানোর কার্যক্রম চলছিল। অভিযানের সময় বিপুলসংখ্যক বইসহ মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র বলছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকাশনীর নাম ব্যবহার করে অবৈধভাবে গাইড বই ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এতে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি বাজারে অনিয়ম সৃষ্টি হচ্ছিল।
অভিযানকালে ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
This theme has been developed by OURISLABD.