সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ও চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার একটি টহল দল মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে অবস্থান করছে। পরে স্থানীয় জনগণ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. মাসুম (২১), মো. সোহেল মিয়া (৩৫), মো. সাইফুল ইসলাম (২৫), আতিকুল রহমান সজিব (২৫), মো. রিপন (২৬), মো. জিহান (২২), মো. জহির (৪৬) ও আমজাদ (২৮)।
এ সময় তাঁদের কাছ থেকে একটি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল, একটি কাঠের বাটসহ লোহার তৈরি রামদা, একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার এবং লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ ও আনসার সদস্যদের সহযোগিতায় চৈতি ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাঁদের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। সোনারগাঁ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
