ঈদের কেনাকাটায় জমজমাট মোগরাপাড়া চৌরাস্তা, সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতার ভিড়
ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাজারগুলোতে বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাকের খোঁজে প্রতিদিনই ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠছে মার্কেটগুলো। শিশু থেকে শুরু করে কিশোর–কিশোরী, তরুণ–তরুণী এবং বড়দের জন্য নানা রঙ ও ডিজাইনের পোশাকে সাজানো দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও ঘন হয়ে ওঠে। দোকানের সামনে সারি সারি ঝুলছে শিশুদের ফ্রক, কিশোরীদের গাউন, ছেলেদের পাঞ্জাবি, শার্ট ও টি–শার্টসহ নানা ধরনের পোশাক। ক্রেতারা দোকানে ঢুকে পোশাক দেখছেন, পছন্দমতো বেছে নিচ্ছেন এবং দরদাম করে কিনে নিচ্ছেন।
বাজারে ঘুরে দেখা গেছে, শিশুদের পোশাকের দোকানগুলোতে ভিড় তুলনামূলক বেশি। ছোট ছোট শিশুরা রঙিন পোশাক দেখে আনন্দে মেতে উঠছে। কেউ পছন্দের জামা হাতে নিয়ে দেখছে, আবার কেউ আয়নার সামনে দাঁড়িয়ে নতুন পোশাকটি কেমন লাগছে তা দেখে নিচ্ছে। অনেক অভিভাবককে দেখা গেছে সন্তানদের পছন্দকে গুরুত্ব দিয়ে পোশাক কিনে দিতে।
কেনাকাটা করতে আসা ক্রেতা শাহিদা বেগম বলেন, ঈদের আনন্দটা আসলে বাচ্চাদের জন্যই বেশি। তাই তাদের জন্য আগে থেকেই নতুন জামা কিনে রাখছি। এখানে অনেক ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে।
আরেক ক্রেতা সোহেল রানা বলেন, পরিবার নিয়ে বাজারে এসেছি। ছেলে-মেয়েদের জামা কিনতে একটু সময় লাগছে, কারণ তারা নিজেরাই পছন্দ করছে। তবে বাজারে অনেক নতুন পোশাক এসেছে।
ক্রেতা তানজিনা আক্তার বলেন, মেয়ের জন্য একটা সুন্দর ফ্রক খুঁজছিলাম। কয়েকটা দোকান ঘুরে অবশেষে পছন্দের একটা পেয়েছি। দাম একটু বেশি হলেও ডিজাইন ভালো।
পোশাক বিক্রেতা সোহাগ মিয়া বলেন, ঈদ যত কাছে আসছে, ততই ক্রেতা বাড়ছে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত দোকানে বেশ ভিড় থাকে।
স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ঈদের সময় মোগরাপাড়া চৌরাস্তার মার্কেটগুলো সবসময় জমজমাট থাকে। এবারও ক্রেতাদের উপস্থিতি ভালো।
This theme has been developed by OURISLABD.