সোনারগাঁ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে পৌরসভা কর্তৃপক্ষ জনসচেতনতামূলক এ কর্মসূচি গ্রহণ করেছে।
শনিবার (১৪ মার্চ) সকালে পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তিনি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পৌর প্রশাসক আসিফ আল জিনাত জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন স্প্রে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।
অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রতীকীভাবে ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালান।
This theme has been developed by OURISLABD.