সোনারগাঁ প্রতিদিন
শিরোনাম ::
শিরোনাম ::

লোকজ ঐতিহ্যের ছোঁয়ায় সোনারগাঁয়ে বৈশাখী মেলা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


লোকজ সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রাঙ্গণে শুরু হওয়া বৈশাখী মেলায় এখন ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তবে তার আগে ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে বের হওয়া বর্ণিল শোভাযাত্রা যেন মেলার আমেজ আগেই ছড়িয়ে দেয় চারদিকে। ঢাকের তালে তালে সেই শোভাযাত্রা ঘুরে বেড়ায় পুরো মেলা চত্বর।

মেলায় শুধু কেনাকাটা নয়, রয়েছে বিনোদনের নানা আয়োজন। পুতুল নাচ, বায়স্কোপ, নাগরদোলা কিংবা সাপের খেলা—সব মিলিয়ে ফিরে এসেছে গ্রামবাংলার চিরচেনা দৃশ্য। শিশুদের পাশাপাশি বড়রাও উপভোগ করছেন গোল্লাছুট, কানামাছি, বউচি কিংবা সাত গুটি বাঘবন্দের মতো হারিয়ে যেতে বসা খেলাধুলা।

মেলার এক পাশে সাজানো ২৬টি স্টলে পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্প। জামদানি, নকশিকাঁথা, মৃৎশিল্প, পটচিত্র, বাঁশ-বেত ও কাঠখোদাই পণ্যের পাশাপাশি রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৈরি নানা সামগ্রী। পিঠাপুলি ও ঐতিহ্যবাহী খাবারের গন্ধও টানছে দর্শনার্থীদের।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ, টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ এ কে এম মাহবুবুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

আলোচনা শেষে বাউল গান ও লোকজ পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠানস্থল।

সাত দিনব্যাপী এ মেলা আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন