নারায়ণগঞ্জের ৩ পিবিআই কর্মকর্তা পেলেন আইজি ব্যাজ
![]() |
| ক্লুলেস মামলা তদন্তে অভূতপূর্ব সাফল্য-নারায়ণগঞ্জের ৩ পিবিআই কর্মকর্তা পেলেন আইজি ব্যাজ |
এ পুরস্কারটি বাংলাদেশ পুলিশের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার, যা পুলিশ সদস্যদের অসামান্য অবদান, প্রশংসনীয় কাজ, সাহসিকতা এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে পুলিশ বাহিনীর সদস্যদেরকে প্রদান করা হয়|
এর আগে কথনো এক জেলা থেকে এক সঙ্গে ৩ কর্মকর্তা আইজি ব্যাজ পাননি। ক্লুলেস মামলা তদন্ত করে পিবিআই নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তাদের অভূতপূর্ব সাফল্যের কারণে ২০২৬ সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে তিনজন পুলিশ কর্মকর্তার আইজি ব্যাজ পেয়েছেন।
নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ, বিপিএম পিবিআই জেলায় যোগদানের পর থেকে একের পর এক ক্লুলেস হত্যাকাণ্ড ও ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন, অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় পিবিআই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পিবিআই জেলায় উল্লেখযোগ্যসংখ্যক ক্লুলেস হত্যা, ডাকাতি ও অপহরণ মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতার করে।
যার ফলশ্রুতিতে ২০২৬ সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে পিবিআই নারায়ণগঞ্জ জেলা থেকে "দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি" স্বরূপ তিনজন তদন্তকারী কর্মকর্তা- এসআই পুলক সরকার, এসআই মোঃ জাহিদ হোসেন রায়হান ও এসআই সৈয়দ দেলোয়ার হোসেনকে আইজি ব্যাজ প্রদান করা হয়।
এস আই পুলক সরকার সোনারগাঁ থানার ক্লুলেস প্রতিবন্ধী সোহেল (৪১) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামীকে গ্রেফতার ও ছিনতাইকৃত আলামত (অটোরিকশা) উদ্ধারসহ মামলাটি সফল ভাবে নিস্পত্তি করায় স্বীকৃতি স্বরূপ পিবিআই নারায়ণগঞ্জ জেলা থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পান।
এসআই মোঃ জাহিদ হোসেন রায়হান আড়াইহাজার ও বন্দর থানার দুইটি মস্তকবিহীন অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত এবং ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন ও মূল আসামীদের গ্রেফতার করেন।
এ ছাড়া বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পেটায় হোসেয়ারী শ্রমিক হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার এবং ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মূল রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করে মামলাগুলোর তদন্ত ও সফলভাবে নিস্পত্তি করায় স্বীকৃতি স্বরূপ আইজি ব্যাজ প্রাপ্ত হন।
এছাড়াও এসআই সৈয়দ দেলোয়ার হোসেন রূপগঞ্জের ক্লুলেস যুবক হত্যা মামলার আসামী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার ও হত্যার মূল রহস্য উদঘাটন করে মামলা নিস্পত্তি করায় স্বীকৃতি স্বরুপ আইজি ব্যাজ পান।
উল্লেখ্য, এই বছরই প্রথম পিবিআই নারায়নগঞ্জ জেলা থেকে সর্বাধিক সংখ্যক তিনজন তদন্তকারী কর্মকর্তা আইজি ব্যাজ (IGP's Exemplary Good Services Badge) পুরস্কারে ভূষিত হলেন।
আইজিপি মোঃ আলী হোসেন ফকির পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে উল্লিখিত তিনজন এসআইকে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে ওই সম্মানজনক পুরস্কার আইজি ব্যাজ (এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ) পরিধান করিয়ে দেন|

