সোনারগাঁ প্রতিদিন
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে দুপুরের খাবারের সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা ও ক্যান্টিনকর্মীসহ ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধ ব্যক্তিরা হলেন-মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। 

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, দুপুরে কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনের ঝলক ছড়িয়ে পড়লে ক্যান্টিনে আতঙ্ক সৃষ্টি হয়। এতে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

 বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দুপুরে ১২ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে। বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে মো. আমির, শঙ্কর, কাউসার ও আল আমিন ক্যান্টিন বয় হিসেবে কাজ করেন। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। রান্না শেষে অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। পরে কেউ আগুন ধরালে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন