আমলাপাড়া আদর্শ স্কুলে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
সালমা আক্তার কণা,
নারায়ণগঞ্জের আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চারটি পদের সব কয়টিতেই জয় পেয়েছে অভিভাবক ঐক্য পরিষদ।
বিদ্যালয়টিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।
রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার নূরুননাহার বিউটির উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার মো. বেল্লাল হোসেন।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক হালিমা খাতুনসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে পুরুষ অভিভাবক প্রতিনিধি পদে টেবিল প্রতীক নিয়ে মো. লুৎফর রহমান ৭২০ ভোট এবং চেয়ার প্রতীক নিয়ে এ এস এম আনিসুর রহমান ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তারা প্রতীক নিয়ে তানভীর আলম ৬৭ ভোট এবং মোমবাতি প্রতীক নিয়ে মো. শফিউদ্দিন ৮০ ভোট পান।
অন্যদিকে নারী অভিভাবক প্রতিনিধি পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে শামছুন নাহার ৭৩০ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মার্জিয়া রহমান ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাদের প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক নিয়ে ফাহমিদা আক্তার ৮৮ ভোট এবং আম প্রতীক নিয়ে শারমীন আক্তার ৭৮ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৬২ জন। এর মধ্যে ৮৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের হার ৫৮ দশমিক ৯৮ শতাংশ। বাতিল হয়েছে ৪৬ ভোট।
অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভোটার সুফিয়া আক্তার (দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. ফাহিম মোল্লার অভিভাবক) বলেন, বেসকারি ব্যবস্থাপনায় পরিচালিত নারায়ণগঞ্জের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানকার শিক্ষার মান ও পরিবেশ অত্য্স্ত ভালো। এই স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষক শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে খুবই যত্নবান।
এবারই প্রথম আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হলো। আশাকরি এই কমিটি স্কুলটির লেখাপড়ার মান আরো বৃদ্ধি করার প্রচেষ্টা চালাবে।
This theme has been developed by OURISLABD.
